আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

২৫ শহরে স্মার্ট সিটি গড়ার ছক, অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। ভোটের আগে একের পর এক প্রকল্প ঘোষণা করে কার্যত কল্পতরুর ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতা বৃদ্ধি, কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি এবারের অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা— রাজ্যের বিভিন্ন শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ।

উন্নত জীবনযাত্রা ও আধুনিক, বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে স্মার্ট সিটি মিশন চালু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সেই প্রকল্পে দেশের ১০০টি শহরকে বেছে নেওয়া হয়। বাংলার ক্ষেত্রে তখন সুযোগ পেয়েছিল মাত্র চারটি শহর নিউ টাউন, বিধাননগর, দুর্গাপুর ও হলদিয়া।

এবার রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে। বৃহস্পতিবার রাজ্যের সপ্তদশ বিধানসভায় তৃতীয় তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট ভাষণে তিনি জানান, রাজ্যের বহু শহরকে আধুনিক ও উন্নত করে গড়ে তুলতে একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে শহরগুলিতে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং নাগরিকরা পাবেন আধুনিক সুযোগ-সুবিধা।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করবে। কমিটি ২০২৬ সালের মধ্যে সমীক্ষা চালিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। প্রাথমিক ভাবে রাজ্যের ২৫টি শহর ও সদর এলাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে হাওড়া, বারাসত, ডায়মন্ড হারবার, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, কল্যাণী, শ্রীরামপুর, অন্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দিঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গঙ্গারামপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং নিউ টাউনের এনকেডিএ এলাকা। এই সমস্ত জায়গায় পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে সমীক্ষা করা হবে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, উন্নয়নের কাজে সাধারণ মানুষের কোনও ক্ষতি করা হবে না। তাঁর কথায়, “কোনও মানুষের ক্ষতি না করে আমরা এই কাজ করব।” বাজেটের এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *