আজকের দিনেতিলোত্তমা

সবেবরাতে বাজি ফাটানোয় কড়া নিয়ন্ত্রণের নির্দেশ হাই কোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সবেবরাতের রাতে আতশবাজি ফাটানো নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সবেবরাতের রাতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনও ধরনের আতশবাজি ফাটানো যাবে না।

আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে যদি আতশবাজি ব্যবহার করা হয়, তা অবশ্যই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনেই করতে হবে। এই নির্দেশ অমান্য হলে পুলিশ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে বলেও জানানো হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার সবেবরাত। অভিযোগ উঠেছিল, শুধু ওই রাতেই নয়, তার আগের দিন ও পরের দিনও কলকাতার বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট দেখা যায়। অনেক ক্ষেত্রেই কোনও নিয়ন্ত্রণ থাকে না বলেও অভিযোগ করা হয়। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী কালীপুজো, বড়দিন ও ছটপুজোর উদাহরণ তুলে ধরেন। তাঁর দাবি ছিল, ওই সব উৎসবে বাজি ফাটানোর ক্ষেত্রে পুলিশের কড়া নজরদারি থাকে এবং শুধুমাত্র সবুজ বাজির অনুমতি দেওয়া হয়। একইভাবে সবেবরাতের রাতেও যাতে নিয়ম মেনে আতশবাজি ফাটানোর নির্দেশ দেওয়া হয়, সেই আবেদন জানানো হয়।

দীর্ঘ শুনানির পর আদালত জনস্বার্থের কথা মাথায় রেখে সবেবরাতের রাতে আতশবাজি ব্যবহারে নির্দিষ্ট সময়সীমা ও নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশ কার্যকর করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *