শিবরাত্রির সকালে টালিগঞ্জে আগুন, অল্পের জন্য রক্ষা টলিপাড়ার তারকারা
কিউ ইন্ডিয়া বাংলা :- শিবরাত্রির পুণ্য সকালে আতঙ্কের ছায়া নেমে এল টালিগঞ্জে। রবিবার আচমকা আগুন ধরে যায় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়ো-র সংলগ্ন একটি বহুতল আবাসনের পাঁচ তলায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই আবাসনেই থাকেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক পরিচিত মুখ। আগুন লাগার খবর ছড়াতেই অন্য বাসিন্দাদের সঙ্গে দ্রুত নীচে নেমে আসেন তাঁরা।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। তিনটি ইঞ্জিনের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় বিপদ এড়ানো সম্ভব হয়। বর্তমানে সকলেই নিরাপদে আছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিবরাত্রি উপলক্ষে এক বাসিন্দার বাড়িতে পুজোর সময় জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত। যদিও দ্রুত দমকলের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে, তবু অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাসিন্দারা। পুণ্যতিথির সকালেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
