রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত
কিউ ইন্ডিয়া বাংলা :- তামিলনাড়ুতে ফের রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত প্রকাশ্যে এল। মঙ্গলবার বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই ভাষণ না পড়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল এন রবি।
মঙ্গলবার থেকে তামিলনাড়ু বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল সরকারের লেখা ভাষণ পাঠ করেন। সেই জন্য এদিন সকালে বিধানসভায় পৌঁছন রাজ্যপাল এন রবি। অধিবেশন শুরুর আগে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত বাজানো হয়। কিন্তু রাজ্যপালের আপত্তি ছিল, রাজ্য সঙ্গীতের পাশাপাশি জাতীয় সঙ্গীত কেন বাজানো হয়নি।
এই ঘটনাকে জাতীয় সঙ্গীতের অবমাননা বলে দাবি করেন রাজ্যপাল। এরপর তিনি ভাষণ না পড়েই বিধানসভা ছেড়ে চলে যান। রাজ্যপালের অভিযোগ, বক্তৃতার সময় তাঁর মাইকও বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যপাল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সরকারের লেখা ভাষণে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছিল। পাশাপাশি সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে সেই ভাষণে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রাজ্যপালের সমালোচনা করে তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবেই রাজ্যপাল এমন কাজ করেছেন, যা বিধানসভার নীতি ও ঐতিহ্যের বিরুদ্ধে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এদিনের ঘটনায় সেই সংঘাত আরও একবার সামনে এল।
