রাজ্য কমিটি থেকে ইস্তফা প্রতিকুর রহমানের
কিউ ইন্ডিয়া বাংলা :- সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতিকুর রহমান। সূত্রের খবর, একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আলিমুদ্দিনে তাঁর ইস্তফাপত্র পৌঁছেছে। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। আসন্ন বিধানসভা ভোটেও লাল দুর্গ ফেরানোর লড়াইয়ে তাঁর নাম ভাবা হচ্ছিল।
সম্প্রতি হুমায়ুন কবীর তৃণমূল ছেড়ে নিজের দল গড়ার পর তাঁর সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই বৈঠক নিয়েই দলের অন্দরে তীব্র বিতর্ক শুরু হয়। সিপিএমের একাংশের দাবি, বৈঠকের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না, সংবাদমাধ্যম থেকেই পুরো ঘটনা জানতে পারেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়েও আপত্তি ওঠে। দলের অনেকেই তা ভালভাবে নেননি। যদিও শতরূপ ঘোষ-সহ কয়েকজন নেতা সেলিমের পাশে দাঁড়িয়ে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আবেদন জানান।
তরুণ প্রজন্মের একাংশ কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন। সাধারণত সামাজিক মাধ্যমে খুব সক্রিয় না হলেও প্রতিকুর রহমানও একটি পোস্ট করেন বলে শোনা যায়। সেখানে নাম না করে দলের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত ছিল বলেই অনেকে মনে করছেন। পোস্টে লেখা ছিল “নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না।”
এদিন সামনে আসা চিঠিতেও (যার সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি) নৈতিকতার প্রসঙ্গই প্রাধান্য পেয়েছে। জেলা ও রাজ্য নেতৃত্বের কাজের ধরণ নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি লিখেছেন, দলের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না, ফলে মানসিক দ্বন্দ্বে ভুগছেন। সেই কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এমনকি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন।
এই ঘটনায় রাজ্য রাজনীতি সরগরম। অনেকেই প্রশ্ন তুলছেন, কী এমন ঘটল যে প্রতিকুর রহমানের মতো লড়াকু নেতাকে সরে দাঁড়াতে হল। যদিও এ বিষয়ে এখনও আলিমুদ্দিনের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
