যুবকের রহস্যমৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- সরশুনায় একটি বন্ধ ঘর থেকে ৩৪ বছর বয়সী যুবক সানি সিংয়ের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী পুনিতা সিং এবং শ্যালক রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তবে স্ত্রী দাবি করেছেন, সানি মদ্যপ অবস্থায় আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় থানায় খবর আসে যে সরশুনার একটি বাড়িতে যুবক গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘরে প্রবেশ করলে দেখা যায়, সানির দেহ ঝুলছে এবং সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী পুনিতা। প্রতিবেশীরাও সেখানে ছিলেন।
পুনিতা জানিয়েছেন, সন্ধ্যায় বেডরুমের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। তিনি এবং মেয়ে তানিশা ঘরে আটকে পড়ে যান। পরে প্রতিবেশীদের সাহায্যে বারান্দা দিয়ে নীচে নামেন। এরপর ঘরের মূল দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখা যায়, সানি ওড়নার ফাঁস দিয়ে ঝুলে আছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে সানির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ফাঁস হিসেবে ব্যবহৃত ওড়না বাজেয়াপ্ত করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে এবং ফাঁস লাগানোর সময় তিনি জীবিত ছিলেন।
সানির বোন ঘটনার সত্যতা জানার জন্য পুনিতা ও রাকেশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দাম্পত্য অশান্তি, ঝগড়া ও অন্যান্য দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ খুঁজছে। জানা গেছে, গত ডিসেম্বর মাসে পুনিতা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে দম্পতির মধ্যে ঝগড়া হয় এবং সেদিন সানি স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে বের করে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁরা আবার বাড়িতে ফিরতে পারেন।
