মাধ্যমিকে নকলের ছক! মালদহে শিক্ষক সাসপেন্ড
কিউ ইন্ডিয়া বাংলা :- মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল মালদহে। পরীক্ষা চলার সময় এক শিক্ষক অন্য ঘরে ঢুকে পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছেন এমনই গুরুতর অভিযোগে কড়া পদক্ষেপ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ঘটনায় মালদহের মথুরাপুর বিএসএস স্কুলের শিক্ষক সনওয়ার আলি পরভেজকে সাসপেন্ড করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও ৮ জন শিক্ষককে সাসপেন্ড করেছে পর্ষদ। মাধ্যমিক শুরু হওয়ার পর এই নিয়ে মোট ৯ জন শিক্ষক সাসপেন্ড হলেন।
পর্ষদের বক্তব্য, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। পড়ুয়ার পরীক্ষা বাতিল করার যেমন বিধান রয়েছে, তেমনই দায়িত্বজ্ঞানহীন শিক্ষকের শাস্তির ব্যবস্থাও রয়েছে।
এই ঘটনার বিবরণ যথেষ্টই নাটকীয়। অভিযোগ, ওই শিক্ষক যে কক্ষে গার্ড দেওয়ার কথা ছিল, সেখানে না থেকে পাশের একটি পরীক্ষাকক্ষে চলে যান। সেখানে গিয়ে টেবিলের উপর রাখা একটি লুজ় শিট হাতে নেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রশ্নপত্র দেখে দ্রুত সেই শিটে উত্তর লিখে ফেলেন, কারণ সেটি তাঁর নিজের বিষয়েই পরীক্ষা ছিল। এরপর সেই লেখা উত্তর খোলা খাতার মতো সামনে রেখে জোরে জোরে পড়তে শুরু করেন। পরীক্ষার্থীদের প্রশ্ন ধরে ধরে উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এভাবেই গোটা পরীক্ষা চলতে থাকে।
এই ঘটনার ছবি ও ভিডিও স্কুলেরই এক ব্যক্তি গোপনে তুলে রাখেন বলে জানা গিয়েছে। সেই ছবি ভিডিও পর্ষদের হাতে পৌঁছনোর পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষককে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়। পাশাপাশি, একই রকম অভিযোগে আরও ৮ জন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় এমন অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দিয়েছে পর্ষদ।
