মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ধূপগুড়িতে অসুস্থ ৪ পরীক্ষার্থী
কিউ ইন্ডিয়া বাংলা :- নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, পরীক্ষার হল জুড়ে পিনপতন নিস্তব্ধতা। মন দিয়ে উত্তর লেখা শুরু করেছেন পরীক্ষার্থীরা। ঠিক সেই সময়ই হঠাৎ নজরে আসে অস্বাভাবিক এক দৃশ্য। এক পরীক্ষার্থী হঠাৎ মুখ হা করে কেমন করতে থাকেন। কাছে যেতেই হতভম্ব হয়ে যান গার্ড। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন পরপর চারটি স্কুলের চার পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি মহকুমা এলাকায়।
সোমবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় চার পরীক্ষার্থীকে। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই চার পরীক্ষার্থীর অধিকাংশেরই শ্বাসকষ্ট ও পেট ব্যথাজনিত সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। অঙ্ক বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়তি মানসিক চাপ ও আতঙ্ক কাজ করে। সেই চাপের মধ্যেই পরীক্ষাকালীন অসুস্থ হয়ে পড়েন চার পরীক্ষার্থী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
অসুস্থ পরীক্ষার্থীদের মধ্যে একজন মল্লিকপাড়া বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রী। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল বৈরাতীগুড়ি হাই স্কুলে। আরেকজন আংড়া ভাষা বংশীবদন হাই স্কুলের ছাত্রী, যিনি রাজা মোহন হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন। জোড়াপানি হাই স্কুলের এক ছাত্রীর সিট পড়েছিল শালবাড়ি হাই স্কুলে। এছাড়াও গধেয়ারকুঠি হাই স্কুলের এক ছাত্রী ডাউকিমারি ডিয়ান হাই স্কুলে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।
পরীক্ষার মাঝেই তাঁদের শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তড়িঘড়ি করে চারজনকেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তিন পরীক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে একজন হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে স্কুলের শিক্ষিকা শিল্পী মজুমদার বলেন,“ও পরীক্ষা দিচ্ছিল, লিখছিলও। হঠাৎ দেখি মুখটা কেমন করে, চোখ উল্টে যাচ্ছিল। বলল শ্বাসকষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুস্থ হলে সময় থাকলে আবার পরীক্ষা দিতে পারবে। বিষয়টি আমরা পর্ষদকে জানিয়ে রেখেছি।”
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় একাধিক পরীক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও শিক্ষা মহলে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও শিক্ষা দফতর।
