বারান্দায় মোবাইল, ১০ লক্ষ টাকার ব্ল্যাকমেলের হুমকি
কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাট থানা এলাকায় এক গৃহবধূকে লক্ষ্য করে চাঞ্চল্যকর ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। বাড়ির বারান্দায় একটি মোবাইল ফোন ও চিরকুট ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। চিরকুটে লেখা ছিল, মোবাইলে ওই বধূর স্নানের ছবি ও ভিডিও রয়েছে এবং ১০ লক্ষ টাকা না দিলে সেগুলি ভাইরাল করে দেওয়া হবে। ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী ও তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। তাঁর স্বামী পেশায় টোটো চালক। বুধবার বাড়ির সামনে কে বা কারা একটি মোবাইল ফোন ও একটি চিরকুট ফেলে রেখে যায়। ঘর পরিষ্কার করার সময় যুবতীর নজরে আসে প্লাস্টিক মোড়ানো ওই জিনিস। খুলতেই চিরকুটে লেখা দেখতে পান—‘দিদি মোবাইলে তোমার ছবি আছে দেখ।’
চিরকুটে লেখা নির্দেশ অনুযায়ী মোবাইলের ফটো গ্যালারি খুলে তিনি দেখেন, সেখানে তাঁর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও রয়েছে। অভিযোগ, সেই ছবি ও ভিডিও দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে নিজেদের মহিলা বলে দাবি করেছে দুষ্কৃতীরা। সেখানে লেখা, ‘আমরা মহিলা। গোপনে ভিডিও তৈরি করে বিক্রি করি। তোমার ছবি বিক্রির আগে তোমাকে জানিয়ে দিলাম। ১০ লাখ টাকা দিলে বিক্রি করব না।’ পাশাপাশি কাউকে বিষয়টি জানালে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই গৃহবধূ। বিষয়টি স্বামীকে জানালে তাঁরা থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইল ফোন ও চিরকুটটি পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে ওই ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে বা কারা এর পিছনে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
