বাবাকে টেনে তুমুল বাকযুদ্ধ, উত্তপ্ত বিধানসভা
কিউ ইন্ডিয়া বাংলা :- দু’জনের বাবাই দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। নিজেরাও এখন রাজনীতির শীর্ষস্তরে। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অন্যজন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এই দুই নেতার মধ্যে বাবাকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডা ছড়াল বিধানসভায়। তাতে উত্তপ্ত হয়ে ওঠে চলতি বাজেট অধিবেশন।
এদিন বাজেট বিতর্কে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি ওড়িশা সরকারের উন্নয়নের কাজের উদাহরণ দিচ্ছিলেন। সেই সময় উদয়ন গুহ বলেন, “ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।” এই মন্তব্যে বিজেপির বিধায়করা সঙ্গে সঙ্গেই প্রতিবাদে সরব হন।
এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো আপনার বাবাকেই চোর বলেছেন।” এই কথায় তৃণমূল বিধায়করা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দু’পক্ষের মধ্যে হইচই শুরু হলে পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত থাকতে বলেন এবং ফের বাজেট বিতর্ক চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এরপর স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন এবং ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমি তাঁর রাজনৈতিক কাজ নিয়ে কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু আমি কখনও তাঁকে চোর বলেছি এমন প্রমাণ যদি থাকে, শুভেন্দু অধিকারী তা দেখাক।”
পাল্টা আক্রমণে উদয়ন আরও বলেন, “আপনি শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”
এই মন্তব্যের পর বিধানসভায় আবার তুমুল হইচই শুরু হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার জানান, এই সংক্রান্ত কোনও বক্তব্যই অধিবেশনের রেকর্ডে রাখা হবে না।
বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই বাবাকে কেন্দ্র করে এমন ব্যক্তিগত মন্তব্যে রাজনৈতিক উত্তাপ ছড়ায় বিধানসভায়। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাজেট আলোচনা কার্যত থমকে যায়।
