ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ কলকাতা বিমানবন্দরে
কিউ ইন্ডিয়া বাংলা :- মাঝ আকাশে ইঞ্জিনে আগুন দেখা দেওয়ায় কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করল তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান । নেপালের কাঠমান্ডু থেকে ইস্তানবুল যাওয়ার পথে কলকাতার আকাশে থাকাকালীন এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা যাত্রীরা ।
সূত্রের খবর, তুর্কিশ এয়ারলাইন্সের (TK 727) বিমানটি নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । কলকাতার আকাশী থাকাকালীন পাইলট লক্ষ্য করেন ইঞ্জিনের একটি অংশে আগুন জ্বলছে । তড়িঘড়ি তিনি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ।
কলকাতা বিমানবন্দর থেকে সবুজ সংকেত পাওয়ার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে রানওয়েতে নামিয়ে নিয়ে আসা হয় । জরুরী অবতরণের পর বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় । বর্তমানে বিমানটিতে মেরামতির কাজ চলছে । যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগলো কিনা ? সেটা খতিয়ে দেখা হচ্ছে । বিমানটিতে মোট ২৩৬ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে এক্ষেত্রে।
প্রসঙ্গত গত ২৮ জানুয়ারি বুধবার সকালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মারা যান মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ চারজন । বারামতি বিমানবন্দরে অবতরণের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের মধ্যে ভেঙে পড়েছিল বিমানটি। গোটা দেশ এই খবরে শোক প্রকাশ করেছিল । তবে আজ এই ঘটনায় বিমানটি যদি কলকাতা অথবা কোন বিমানবন্দরের আশেপাশে না থাকতো জরুরি অবতরণের সুযোগ না পেয়ে বড়সড় বিপদ ঘটতেই পারতো ।
