পেনশন বিবাদে বাবাকে খুন
কিউ ইন্ডিয়া বাংলা :- পেনশন সংক্রান্ত বিবাদ থেকেই বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত মার্চা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধের নাম পুসু রজক। তিনি সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে কর্মরত ছিলেন এবং অবসর নেওয়ার পর নিয়মিত পেনশন পেতেন। সেই পেনশনের টাকা নিয়েই দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল বলে তদন্তে উঠে এসেছে।
অভিযোগ, বৃহস্পতিবার পেনশনের টাকা নিয়ে পুসু রজকের সঙ্গে তাঁর বড় ছেলে ইন্দ্রজিৎ রজকের তীব্র বচসা শুরু হয়। সেই বচসা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ অনুযায়ী, ইন্দ্রজিৎ রজক, তাঁর স্ত্রী অঞ্জলি রজক এবং তাঁদের ছেলে অসিত রজক মিলেই বৃদ্ধের উপর চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধকে আঘাত করা হয় বলে অভিযোগ। সেই সময় বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর আর এক ছেলে জগন্নাথ রজক। তাঁকেও মারধর করা হয় এবং তিনি গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় পুসু রজক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত জগন্নাথ রজককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর ছেলে ইন্দ্রজিৎ রজক, পুত্রবধূ অঞ্জলি রজক এবং নাতি অসিত রজক এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের পুরুলিয়া আদালতে তোলা হয়। আদালত ইন্দ্রজিৎ ও অসিতকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে পুত্রবধূ অঞ্জলি রজককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে পেনশন সংক্রান্ত আর্থিক বিবাদই মূল কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় স্বভাবতই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
