দুর্গাপুরে একই মেডিক্যাল কলেজে ফের রহস্যমৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজে আবারও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কলেজের হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার হল এবার এক দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার দেহ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মৃতের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের পাটনা-র বাসিন্দা এবং ওই কলেজেই এমবিবিএসের দ্বিতীয় বর্ষে পড়তেন। শনিবার রাতে হোস্টেলের বাথরুমের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
মৃতের বাবার দাবি, কলেজ কর্তৃপক্ষ তাঁদের আগে কিছু জানায়নি। তিনি বলেন, “আমাদের কেউ খবর দেয়নি। দরজা খুলে দেখি আমার ছেলে ঝুলছে। সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে। আমরা তো টাকা দিই ছেলেদের নিরাপত্তা দেখার দায়িত্ব কলেজেরই।”
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল এবং তা সন্তোষজনক না হওয়ায় মানসিক চাপে এমন ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ অক্টোবর একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজের বাইরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ যাদের মধ্যে পাঁচজন স্থানীয় যুবক এবং একজন সহপাঠী। তাঁরা বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছে।
একই প্রতিষ্ঠানে অল্প সময়ের ব্যবধানে আরেক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা ও হোস্টেলের নজরদারি ব্যবস্থাও তদন্তের আওতায় আনছে পুলিশ।
