আকাশ থেকে পড়ল অজানা বস্তু, ছড়াল চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা :- নদিয়ার শান্তিপুরে আকাশ থেকে একটি অজানা বস্তু পড়ে যাওয়াকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। শনিবার ভোররাতে শান্তিপুর পুরসভার রাধাকৃষ্ণপল্লি এলাকায় হঠাৎই স্থানীয় বাসিন্দারা আকাশ থেকে একটি বস্তু নেমে আসতে দেখেন। মুহূর্তের মধ্যেই সেটি রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। বস্তুটির সঙ্গে প্যারাসুটের মতো একটি অংশ জড়ানো ছিল এবং কিছু অংশে আলো বা ধাতব গঠন চোখে পড়ে। কী বস্তু পড়ল, তা নিয়ে প্রথমে আতঙ্ক ছড়ায় এলাকায়। অনেকেই ভেবেছিলেন এটি কোনও বিস্ফোরক বা বিপজ্জনক যন্ত্র হতে পারে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যরাও বিষয়টি খতিয়ে দেখতে আসেন। প্রাথমিকভাবে পরীক্ষা করে এবং প্রযুক্তির সাহায্য নিয়ে জানা যায়, এটি আসলে একটি আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত যন্ত্র, যা সাধারণত বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আকাশে পাঠানো হয়। যন্ত্রটি বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায় এবং এটি কোথা থেকে ছাড়া হয়েছিল বা কোন সংস্থার, তা জানার চেষ্টা চলছে। যদিও বড় কোনও বিপদের আশঙ্কা নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে, তবুও আকাশ থেকে এই ধরনের বস্তু পড়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও কৌতূহল দুটোই ছড়িয়েছে শান্তিপুর জুড়ে।
