VOTE…নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে পুলিশ কর্তারা।
কিউ ইন্ডিয়া বাংলা :- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, মোতায়েন ও থাকার পরিকাঠামো নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন পুলিশ কর্তারা। কলকাতায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েই মূলত এই বৈঠক। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে সমস্ত থানাকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে প্রত্যেক থানাকে মঙ্গলবারের মধ্যে জানাতে বলা হয়েছে, তাদের থানা এলাকার কোন কোন অঞ্চল স্পর্শকাতর বা অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই বাহিনী মোতায়েনের প্রাথমিক রূপরেখা তৈরি করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যক বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও, তাদের কোথায় রাখা হবে সেই সংক্রান্ত পরিকাঠামোর বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে। সাধারণত স্কুল, কলেজ, অতিথিশালা ও গেস্টহাউজে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়। সংশ্লিষ্ট জায়গাগুলির বর্তমান অবস্থা, থাকার উপযোগিতা এবং পরিকাঠামোগত সুবিধা সম্পর্কেও রিপোর্ট চাওয়া হয়েছে থানাগুলির কাছ থেকে।
এদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কত দফায় ভোটগ্রহণ হবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, জানুয়ারির প্রথম সপ্তাহেই এই বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের একটি বৈঠক হয় বলে সূত্রের খবর। নয়াদিল্লিতে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। তবে সূত্রের দাবি, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন রাজ্যের CEO। তার জেরেই ভোটের দফা সংখ্যা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দফা কম হলে একদিনে একাধিক এলাকায় একসঙ্গে ভোটগ্রহণ হবে, যার জন্য প্রয়োজন হবে আরও বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। সেই কারণেই ৮ দফা নয়, তার থেকে কম দফায় এবারের বিধানসভা নির্বাচন হতে পারে এই জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে।
