আজকের দিনেবাংলার আয়না

লরি-বাইক সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল কোচবিহার। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক লরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং চালক ও খালাসিকে আটক করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গৌর সাহা (২৫) ও প্রণব দে (২৫)। গৌর সাহা ভারতীয় জনতা পার্টি-র কোচবিহার জেলা আইটি সেলের কো-কনভেনর ছিলেন এবং শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রণব দে কোচবিহার ১ ব্লকের কালীঘাট রোড এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, দু’জনেই পেশায় ফটোগ্রাফার। বুধবার রাতে একটি বিয়েবাড়িতে কাজ সেরে বাইকে করে ফিরছিলেন তাঁরা। বৃহস্পতিবার ভোরে মাথাভাঙার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন দু’জনই। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে অপর যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, লরির গতি কত ছিল এবং কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *