রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল না তৃণমূল
কিউ ইন্ডিয়া বাংলা :- রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদদের একটি প্রতিনিধি দল আদিবাসী উন্নয়নের একটি রিপোর্ট কার্ড রাষ্টপতির কাছে জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। কিন্তু গতকাল ১২ই মার্চ বৃহস্পতিবার তাদের আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি ভবন । ব্যস্ত সূচি থাকার কারণে রাষ্ট্রপতি এই বৈঠকের জন্য সময় দিতে পারছেন না ।
সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড জমা দেওয়ার জন্য গত ৯ মার্চ রাষ্ট্রপতি ভবনে চিঠি লেখেন ডেরেক ও ব্রায়েন । রাজ্যের মন্ত্রী ও সাংসদদের নিয়ে ১২ থেকে ১৫ জন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি লেখা হয়েছিল । কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতির দপ্তর । তৃণমূল কংগ্রেসের চিঠির জবাবে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে তাদের অনুরোধটি বিবেচনা করা হয়েছিল। কিন্তু ব্যস্ত সূচি থাকার কারণে তাদের আবেদনটি গ্রহণ করা যাচ্ছে না । এরপরেই আগামী সপ্তাহে ফের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় যান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল । কিন্তু সেই বিষয়ে রাষ্ট্রপতি ভবন অনুমতি দিয়েছে কিনা তা এখনো অবধি জানা যায়নি ।
প্রসঙ্গত গত শনিবার অর্থাৎ ৭ মার্চ নারী দিবসের আগের দিন উত্তরবঙ্গে আদিবাসী কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু। এই নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল রাজ্যে। তার সভার স্থান পরিবর্তন করা হয়েছিল। প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে । স্বয়ং রাষ্ট্রপতি সমগ্র বিষয়টি নিয়ে তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন । রাষ্ট্রপতির অপমানের অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্যের বিরোধীদল বিজেপি । প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন । এরপর মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপির কথা শুনে চলেছেন রাষ্ট্রপতি । কোনরকম প্রোটোকল ভাঙ্গা হয়নি বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্যে আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড রাষ্ট্রপতিকে দেখাতে চেয়েছিলেন তিনি । সেইমতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল । প্রথমবারে আবেদনটি রাষ্ট্রপতি ভবন খারিজ করলেও এখন দেখার আগামী সপ্তাহে তৃণমূল প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পায় কিনা ?
