আজকের দিনেবাংলার আয়না

জ্যোতিষচর্চার আড়ালে নারীপাচার? গ্রেপ্তার ‘জ্যোতিষী’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জ্যোতিষচর্চার আড়ালে নারীপাচারের সন্দেহে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকায়। তিন নাবালিকা নিখোঁজের তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে সুবোধচন্দ্র ভুঁই নামে এক ব্যক্তিকে। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালত-এ পেশ করা হলে বিচারক তাঁকে ১০ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানা এলাকার ১৬ বছরের এক নাবালিকা নিখোঁজ হওয়ার পরই শুরু হয় তদন্ত। একইসঙ্গে তার ১১ বছরের বোন এবং প্রতিবেশী ১০ বছরের আরও এক নাবালিকাও উধাও হয়ে যায়। ঘটনায় তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ প্রশাসন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েকদিন আগে ওই নাবালিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সুবোধের। নিজেকে ‘জ্যোতিষ শাস্ত্রী’ পরিচয় দিয়ে এবং একটি বেসরকারি সংস্থায় কাজ করার দাবি করে সে মেয়েটির সঙ্গে যোগাযোগ বাড়ায়। এমনকি বিয়ের প্রস্তাবও দেয় বলে অভিযোগ।
তদন্তে উঠে এসেছে, নাবালিকারা প্রথমে সেহারাবাজার থেকে ট্রেনে বাঁকুড়া যায়, সেখান থেকে বাসে সিমলাপাল এবং পরে বাইকে করে সুবোধ তাদের নিজের বাড়িতে নিয়ে যায়। পরে ঝাড়গ্রামের লালগড় থানার নেপুরা গ্রাম থেকে তিন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, জ্যোতিষচর্চার আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে বৃহত্তর কোনও পাচারচক্র সক্রিয় থাকতে পারে। ধৃতের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও ছয় নাবালিকার সঙ্গে যোগাযোগের তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। নারীপাচারচক্রের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *