মধ্যপ্রাচ্যের যুদ্ধে টালমাটাল বিশ্বের অর্থনীতি, বিনিয়োগের নতুন ঠিকানা খুঁজছে উপসাগরীয় দেশগুলি
কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে এখনো উত্তপ্ত মধ্যপ্রাচ্যের দেশগুলি । প্রতিমুহূর্তে হামলা পাল্টা হামলা চলতেই থাকছে। যুদ্ধের দামামায় বিশ্ব অর্থনীতির ওপর ক্রমশ চাপ বাড়ছে । এই আবহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও কুয়েতের মত দেশগুলি বিনিয়োগ সংক্রান্ত চুক্তি পুনঃ বিবেচনা করছে।
ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আর্থিক স্থিতিশীলতা নিম্নগামী হয়েছে। এই অঞ্চলের সব থেকে বড় ব্যবসা হলো জ্বালানির । ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি ব্যবসার মুনাফা অনেকখানি কমে গেছে । এছাড়া উত্তপ্ত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিমান পরিষেবা ব্যাঘাত ঘটেছে। যার ফলে মার খেয়েছে পর্যটন ব্যবসাও । যুদ্ধ জনিত কারণে আর্থিক বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্বিবেচনা করছে তারা । যদি এমনটা হয় এর ফলে বিদেশের সরকার, কোম্পানিগুলিকে দেওয়া বিনিয়োগের আশ্বাস, স্পোর্টস স্পনসরশীপ ডিল, আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থার সঙ্গে চুক্তিতেও প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে।
গত বছর উপসাগরীয় দেশগুলিতে সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেই সফর কালে দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল । বিনিয়োগ অক্ষত রাখতে পশ্চিম এশিয়ার দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ থামানোর জন্য চাপ রাখতে পারে।
