আজকের দিনেখেলা

চিপকে উত্তীর্ণ সূর্যবাহিনী, জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারালো ভারত…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে বড় ব্যবধানে জিততে হতো ভারতকে। আর সেই কাজটাই করে দেখাল সূর্য কুমার যাদবের দল । ৭২ রানের বড় ব্যবধানে জিম্বাবোয়েকে হারালো টিম ইন্ডিয়া। ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিল সিকান্দার রাজারা। দলগত সাফল্যের ভিত্তিতে আজকের ম্যাচে জিতল ভারত। তবে জিম্বাবোয়ের ওপেনার ব্যাটার ব্রায়ান বেনেট ৯৭ রানের লড়াকু ইনিংস খেলেন । এই জয়ের সৌজন্যে ভারত সেমিফাইনালে লড়াইয়ে দারুন ভাবে ফিরে এলো ।

ম্যাচ শুরুর আগেই একটা স্বস্তির খবর এসেছিল ভারতীয় দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজকে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে আজকের ম্যাচ ভারত জিতলেও সূর্য বাহিনীর অগ্নিপরীক্ষা হবে ইডেনে । ওয়েস্ট ইন্ডিজকে সেই ম্যাচে হারাতে পারলে সেমিফাইনালে চলে যাবে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে টিম ইন্ডিয়া শুরু থেকেই দাপট দেখিয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত । দলে বেশ কিছু পরিবর্তন করে টিম ম্যানেজমেন্ট । রিংকু সিং ও ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে খেলায় ভারত । ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে টিম ইন্ডিয়ার ব্যাটাররা । আজকের ম্যাচে বড় রান তুলতে হতো ভারতকে আর সেটাই করে দেখালেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা । ঝড়ের গতিতে ব্যাটিং শুরু করে দুই ওপেনার । সঞ্জু ২৪ রান করে ফিরে গেলেও অভিষেক শর্মা আজকের ম্যাচে রানে ফেরেন । তার ব্যাট থেকে আসে মহামূল্যবান ৫৫ রান । বিগত ম্যাচগুলিতে ভারতের মিডল অর্ডার ফ্লপ করছিল । তবে আজকের ম্যাচে ছন্দ ফিরে পান সকলে । ব্যাটিং অর্ডারে পরিবর্তন ঘটিয়েই বাজিমাত করলেন কোচ গৌতম গম্ভীর। ঈশান কিষাণ ৩৮ , অধিনায়ক সূর্য কুমার ৩৩ , হার্দিক পান্ডিয়া ৫০ ও তিলক বর্মা ৪৪ রান করেন । নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় সমান রান তোলে টিম ইন্ডিয়া । টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি সবথেকে বেশি দলগত রান ।

রান তাড়া করতে নেমে কিছুটা সাবধানী হয়ে ব্যাটিং শুরু করে জিম্বাবোয়ের ব্যাটাররা । ওপেনার ব্রায়ান বেনেট ৫৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন । অধিনায়ক সিকান্দার রাজার সংগ্রহ ২১ বলে ৩১ রান। এই দুইজন বাদে জিম্বাবুয়ের বাকি ব্যাটাররা আজকের ম্যাচে ভালো খেলতে পারেনি । সেই কারণেই ভারতের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হারতে হলো তাদেরকে । ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অর্শদীপ সিং । টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিল তারা। তবে এই বিশ্বকাপে সুপার এইটে পৌঁছানোর সৌজন্যে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে ।

এখন ভারতের চোখ আগামী ১লা মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে । ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে এই ম্যাচ ও ভারতের জন্য ডু অর ডাই । এই মাসে জিতলে সেমিফাইনালে চলে যাবে ভারত । আজকের এই বড় ব্যবধানে জয় আগামী ম্যাচের জন্য ভারতীয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। এই ম্যাচে ভারতের অন্যতম প্রাপ্তি অভিষেক শর্মার রানে ফেরা বিগত ম্যাচগুলিতে ব্যর্থ হওয়া মিডল অর্ডার ব্যাটারদের কামব্যাক । এখন দেখার অপেক্ষায় এটাই যে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে ভারত যোগ্যতা অর্জন করতে পারে কিনা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *