আজকের দিনেবাংলার আয়নাভারত

ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) কাছে জমা থাকা কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও আপলোড না-হওয়া সমস্ত নথি আগামীকাল, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে জুডিশিয়াল অফিসারদের হাতে তুলে দিতে হবে এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যেই লক্ষ লক্ষ ভোটারের নথি কমিশনের পোর্টালে আপলোড না হওয়ায় জটিলতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই আদালত জানায়, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরওদের কাছে জমা পড়া এবং এখনও আপলোড না-হওয়া সমস্ত নথি জুডিশিয়াল অফিসারদের হাতে দিতে হবে, যাতে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “বাংলার সকল বিচারপতি জানেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী কী তথ্য থাকে। তাই আমরা বলেছি, এই নথি কমিশনের কাজে সাহায্য করবে। যে কেউ এই নথি যাচাই করতে পারবেন।” আদালত স্পষ্ট করে দিয়েছে, বয়সের প্রমাণ এবং পিতা-মাতার তথ্য যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও পাসের শংসাপত্র ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসআইআর সংক্রান্ত অন্য এক শুনানিতে আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দেয় শীর্ষ আদালত। গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন যে ১২টি নথির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল, সেগুলিও বিবেচনায় রাখতে হবে বলে জানানো হয়েছে। আধার কার্ডের ক্ষেত্রে বিহারের এসআইআর প্রসঙ্গে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুসরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ পরিচয়ের প্রমাণ হিসেবে আধার গ্রহণ করতে হবে।
এর আগেও, ১৯ জানুয়ারি আদালত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। নতুন নির্দেশে স্পষ্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতেই এই পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *