এসআইআর তালিকায় বিচারাধীন, আত্মঘাতী যুবক
কিউ ইন্ডিয়া বাংলাঃ- এসআইআর-এর চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার রফিক আলি গাজি (৪১)। । আর সেই আতঙ্কেই আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার রাত আটটা নাগাদ উস্তি থানার পুলিশ তাঁর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দিয়ে উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, এসআইআরের নোটিস আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলি। এরপর সমস্ত নথি জমা দিয়েছিলেন তিনি। বাড়ির সদস্যদের সেকথা জানিয়েওছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়েছিলেন বারবার। ২৮ তারিখ যে তালিকা বের হয়, তা দেখতেও যান তিনি। বাড়ি ফিরে আসার পর থেকে মনমরা ছিলেন। রফিক আলির নাম বিচারাধীনের তালিকায় ছিল। দোলের সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। একাই ছিলেন রফিক। পরিবারের সদস্যরা ফিরে এসে রফিককে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
