আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

SIR : ৯৯ বিধানসভায় নতুন ভোটার ‘শূন্য’, চূড়ান্ত তালিকা ঘিরে প্রশ্নের মুখে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারত নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকার পরিসংখ্যানে উঠে এসেছে এক চমকপ্রদ ও কিছুটা রহস্যময় তথ্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা ‘শূন্য’। অর্থাৎ, গত ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ এই আড়াই মাসে ওই ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ‘ফর্ম ৬’ জমা দেননি।
এই পরিসংখ্যান রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে, ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও একই চিত্র। অর্থাৎ, একসঙ্গে একাধিক কেন্দ্রে নতুন ভোটারের আবেদন একেবারে শূন্য।

সবচেয়ে বিস্ময়কর উদাহরণ মিলেছে নদিয়া জেলায়। জেলার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া এই ১৪টি বিধানসভা কেন্দ্রে আড়াই মাসে একজনও নতুন ভোটার নথিভুক্ত হননি। সাড়ে সাত কোটিরও বেশি ভোটারসমৃদ্ধ রাজ্যে এমন চিত্র কমিশনের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে বলেই সূত্রের দাবি।

কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করে বলেন, “আমরা বারবার আবেদন জানাই। তারপরও যদি কেউ ফর্ম-৬ পূরণ না করেন, সেক্ষেত্রে কমিশনের আর কী করার থাকতে পারে?” তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক দিক থেকে উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের সাড়া মিলছে না বলেই মনে করছে কমিশন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রচারের ঘাটতি, সচেতনতার অভাব, অনলাইন প্রক্রিয়া সম্পর্কে অনীহা কিংবা তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার প্রয়োগে আগ্রহের ঘাটতি সব দিকই খতিয়ে দেখা প্রয়োজন। আবার কেউ কেউ বলছেন, নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে পর্যাপ্ত প্রচার না হওয়াও বড় কারণ হতে পারে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আড়াই মাসে ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই, এটা কি কেবল কাকতালীয়? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও বাস্তবতা? এই রহস্যের উত্তর খুঁজতেই এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন করে বিশ্লেষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *