আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

SIR : উত্তর-দক্ষিণ কলকাতায় একাধিক বুথের চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে অদৃশ্য, উদ্বেগে ভোটাররা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভায় অনলাইনে তালিকা না-দেখা যাওয়ায় চরম বিভ্রান্তি তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার পর তালিকা প্রকাশ হলেও শুরুতে তা দেখতে সমস্যায় পড়েন অনেকে। পরে সেই ত্রুটি আংশিক ঠিক হলেও রবিবার সকাল পর্যন্ত বহু বুথের তালিকা কার্যত অদৃশ্য রয়ে গিয়েছে।

উত্তর কলকাতার চৌরঙ্গি বিধানসভার ১ নম্বর বুথ হেয়ার স্কুলের ভোটার তালিকা ডাউনলোড করলে পিডিএফ খুললেও সেখানে কোনও তথ্য দেখা যাচ্ছে না। একই ছবি দক্ষিণ কলকাতার রাসবিহারি বিধানসভার ২০৬ নম্বর বুথ, টালিগঞ্জ হাই স্কুলেও। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনার বেহালা পূর্ব বিধানসভার ২৪৮ নম্বর বুথেও একই সমস্যা দেখা দিয়েছে। পিডিএফ ডাউনলোড হলেও তাতে ভোটারদের নাম বা প্রাসঙ্গিক কোনও তথ্য মিলছে না।

বেহালা পূর্বের এক ভোটার জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের সময়ও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল। তাঁর কথায়, “গতকাল থেকেই উদ্বেগে আছি। খসড়া তালিকা ডাউনলোড করতে গিয়েও একই সমস্যা হয়েছিল। এবার চূড়ান্ত তালিকাতেও একই কাণ্ড। দেখতে পারছি না তালিকা। বিএলও-র সঙ্গে যোগাযোগ করলে তিনিও জানান, তিনিও তালিকা ডাউনলোড করতে পারেননি। এই রকম হলে সত্যিই খুব মুশকিল।”

ফলে যাঁরা নিজেদের নাম বাদ পড়েছে কি না বা অ্যাডজুডিকেশনের আওতায় পড়েছেন কি না তা যাচাই করতে চাইছেন, তাঁরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। অনলাইন ব্যবস্থার উপর নির্ভরশীল ভোটারদের একাংশের দাবি, দ্রুত এই প্রযুক্তিগত সমস্যার সমাধান না হলে বিভ্রান্তি আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ব্যাখ্যা ও দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন উত্তর-দক্ষিণ কলকাতা ও সংলগ্ন জেলার বহু ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *