মোদীর সভার দিনে শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজনা
কিউ ইন্ডিয়া বাংলা:- প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের দিনেই রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কলকাতার গিরিশপার্ক এলাকা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি । অভিযোগের তীর ব্রিগেডে আগত বিজেপি কর্মীদের দিকে । পাল্টা বিজেপির বাস ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
আজ শনিবার সকালে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা মিছিল করে ব্রিগেডের দিকে যাচ্ছিলেন। গিরিশপার্কে শশী পাঁজার বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূলের কর্মীদের অভিযোগ ব্রিগেডে যাওয়ার নাম করে বিজেপি আশ্রিত ‘দুষ্কৃতীরা’ পরিকল্পিতভাবে শশী পাঁজার বাসভবনকে নিশানা করে। ইটের আঘাতে বাড়ির জানালার কাচ ও সদর দরজার ক্ষতি হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের।পাল্টা বিজেপি কর্মীরা অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে তৃণমূল কর্মীরা আগে থেকেই মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করেছিল। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ছিল এবং শাসকদলের কর্মীরাই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে। যার জেরে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের আঘাতে জখম হন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। দু’পক্ষের অশান্তির জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
