ইরান-ইসরাইল সংঘাতের ধাক্কায়, ডলারের বিপরীতে রুপির মান সর্বকালীন রেকর্ড তলানিতে
কিউ ইন্ডিয়া বাংলাঃ- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্রতর হওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। বুধবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ৯২.১৮-এ নেমে আসে, যা ভারতের ইতিহাসে এ পর্যন্ত সর্বনিম্ন।
মধ্যপ্রাচ্য থেকে ভারতের সিংহভাগ তেল আমদানি হয়। সংঘাতের কারণে জোগান ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮৫ ডলার ছাড়িয়েছে। এতে ভারতের আমদানি খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুদ্ধের উদ্বেগে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। বুধবার সকালে সেনসেক্স প্রায় ১৬০০ পয়েন্টের বেশি পড়ে যায়, যা রুপির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশে বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে ডলারের দিকে ঝুঁকছেন, যার ফলে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, রুপির এই রেকর্ড পতনের ফলে আগামী দিনে আমদানি করা ইলেকট্রনিক্স পণ্য, ভোজ্য তেল এবং জ্বালানি তেলের দাম বাড়তে পারে। ফলে মুদ্রাস্ফীতির চাপে পড়তে পারেন সাধারণ মানুষ। ভারতীয় রিজার্ভ ব্যাংক পরিস্থিতি সামাল দিতে বাজারে হস্তক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে।
