জুজুড় হাইস্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথেই শেষ হল এক তরতাজা প্রাণ। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পরীক্ষাকেন্দ্র হওয়ায় নিজেই বাইক চালিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল এক ছাত্র। পরীক্ষাকেন্দ্রের আর মাত্র ১০০ মিটার দূরে পৌঁছনোর পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উল্টো দিক থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান হঠাৎ সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। মুহূর্তের মধ্যেই ঘটে মর্মান্তিক পরিণতি।
এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার প্রসাদপুর এলাকায়। মৃত পরীক্ষার্থীর নাম জুয়েল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি জুজুড় হাইস্কুলের ছাত্র ছিলেন এবং জয়পুর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
অভিযোগ, উল্টো দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানে কংক্রিটের বিদ্যুতের খুঁটি বোঝাই ছিল। সেই খুঁটিই সোজা ধাক্কা মারে বাইক আরোহীর বুকে। ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়ে জুয়েল। আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসেন জুজুড় হাইস্কুল ও জয়পুর হাইস্কুলের শিক্ষকরা। শোকে ভেঙে পড়েন সহপাঠী ও পরিবারের সদস্যরা।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে রাস্তায় কোনও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। পরীক্ষার সময় এমন ভারী বোঝাই গাড়ি কীভাবে চলাচল করছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে এক মেধাবী ছাত্রের অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
