কান্দি-তে মা-ছেলের মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- মুর্শিদাবাদের কান্দি-তে শুক্রবার এক হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে এলাকা। মানসিক অবসাদ ও দীর্ঘদিনের আর্থিক অনটনের জেরে মা নিজের বিশেষভাবে সক্ষম ছেলেকে বিষাক্ত কীটনাশক খাইয়ে নিজেও তা পান করেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পরে দু’জনেরই মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মা-ছেলের নাম দোলন রায় ও অভিজিৎ রায়। তাঁরা কান্দি থানার মাধুনিয়া গ্রামের বাসিন্দা। ২৬ বছর বয়সি অভিজিৎ মূক ও বধির ছিলেন। স্বামীহারা দোলন রায় পরিচারিকার কাজ করে কোনওমতে সংসার চালাতেন। পরিবারে আর কেউ না থাকায় মা-ছেলেই ছিলেন একে অপরের একমাত্র ভরসা। প্রতিবেশীদের দাবি, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়ে দোলনদেবী গভীর উদ্বেগে ভুগতেন।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নিজের ঘরেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘক্ষণ তাঁদের সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। দরজা খুলে দু’জনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোলন রায়কে ভর্তি করা হয় মুর্শিদাবাদ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অভিজিৎকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
এই ঘটনায় শোকস্তব্ধ মাধুনিয়া গ্রাম। স্থানীয় এক যুবকের কথায়, “ওদের বাড়িতে আর কেউ ছিল না। আমরা প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা মেনে নিতে পারছি না।” জানা গিয়েছে, মা ও ছেলের শেষকৃত্যের ব্যবস্থাও প্রতিবেশীরাই করছেন।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মানসিক অবসাদ, আর্থিক সঙ্কট নাকি অন্য কোনও চাপ কোন পরিস্থিতিতে এই মর্মান্তিক সিদ্ধান্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
