আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

দোলে সম্প্রীতির বার্তা, মিলন উৎসবে মুখ্যমন্ত্রী ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দোলযাত্রা ও হোলিকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজ্য উদ্যোগ নিল বিশেষ অনুষ্ঠান— ‘দোলযাত্রা ও হোলি মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই আয়োজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে এই উৎসব।

রাজ্যের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে। ৩ মার্চ রাজ্যে দোলযাত্রা পালিত হওয়ার আগে এই মিলন উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।

এই অনুষ্ঠানে থাকবে সংগীত, নৃত্য এবং একাধিক সাংস্কৃতিক পর্ব। বিশেষ আকর্ষণ হিসেবে কলকাতা-র মারওয়াড়ি ও গুজরাটি সম্প্রদায়ের পক্ষ থেকে ডান্ডিয়া নৃত্য পরিবেশনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলিকে আমন্ত্রণ জানাবে কলকাতা পুরসভা। একইভাবে জেলা স্তরেও তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত বছর ধনধান্য অডিটোরিয়ামে অনুরূপ অনুষ্ঠান হয়েছিল। তবে এ বছর আরও বৃহত্তর পরিসরে এবং আরও বেশি মানুষের অংশগ্রহণে আয়োজন করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।

সব মিলিয়ে, রঙের উৎসবকে শুধু আনন্দের পরিসরেই সীমাবদ্ধ না রেখে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ। দোলযাত্রা ও হোলির আবহে নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ এক মঞ্চে এসে মিলিত হলে তার ইতিবাচক প্রভাব সমাজজুড়েই প্রতিফলিত হবে—এমনটাই প্রত্যাশা প্রশাসনের। উৎসবের রঙে রাঙিয়ে উঠুক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন, এই বার্তাই সামনে রেখে আয়োজিত হচ্ছে ‘দোলযাত্রা ও হোলি মিলন উৎসব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *