আজকের দিনেভারত

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মহুয়া মৈত্রর, চার্জশিট পেশে আর বাধা নেই সিবিআই-এর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি: ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ মামলায় আরও বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে সিবিআই-এর চার্জশিট পেশের পথ প্রশস্ত করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে মহুয়ার আইনি লড়াই আরও কঠিন হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

​বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকপাল সিবিআই-কে চার্জশিট পেশের অনুমতি দিয়েছিল। এর আগে দিল্লি হাইকোর্ট লোকপালের সেই সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছিল যে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
​আদালত এই মামলায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ পাঠিয়েছে। মহুয়া মৈত্র, সিবিআই এবং অভিযোগকারী নিশিকান্ত দুবেকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ​হাইকোর্টের রায়ের ৮৯ নম্বর অনুচ্ছেদ, যেখানে লোকপালকে এক মাসের মধ্যে চার্জশিটের অনুমতি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল, তার কার্যকারিতা আপাতত বন্ধ থাকবে।
​২০২৫ সালের ১৯ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ করা যাবে না। লোকপাল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। ​বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, এক শিল্পপতির থেকে সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এই অভিযোগের জল গড়ায় সংসদের এথিক্স কমিটি পর্যন্ত। কমিটির সুপারিশে মহুয়ার সাংসদ পদও খারিজ করা হয়। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ​সিবিআই তদন্তের গতিপ্রকৃতি এবং লোকপালের এক্তিয়ার নিয়ে দিল্লি হাইকোর্ট মহুয়ার পক্ষে রায় দিলেও, সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থান তদন্তকারী সংস্থার হাত শক্ত করল। আগামী শুনানিতে সব পক্ষ তাদের হলফনামা জমা দিলে এই মামলার ভবিষ্যৎ আরও পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *