Madhyamik Exam : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর …..
কিউ ইন্ডিয়া বাংলা :- মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সব যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য ফের সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল আবার খোলা হবে। যাতে একজন পরীক্ষার্থীও পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। ব্রাত্য বসু জানান, ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এনরোলমেন্ট সম্পূর্ণ করতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন ভুল যাতে আর না হয়, সে জন্য কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সময় পাবে।
