Kolkata-Comic Con : ফিরছে কলকাতা কমিক কন !
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রথম বছরের অভূতপূর্ব সাফল্যের পর ফের একবার পপ কালচারের উচ্ছ্বাসে ভরে উঠতে চলেছে ‘সিটি অফ জয়’। আগামী ১১ ও ১২ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা কমিক কন, যা কলকাতার কমিকস, কসপ্লে, অ্যানিমে এবং গেমিং অনুরাগীদের কাছে বছরের অন্যতম প্রতীক্ষিত উৎসব হয়ে উঠেছে। বর্তমানে ১৩তম বর্ষে পা রাখা কমিক কন ভারতের অন্যতম প্রধান পপ কালচার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে দেশ-বিদেশের সৃষ্টিশীল শিল্পী, লেখক, ইলাস্ট্রেটর, কনটেন্ট ক্রিয়েটর এবং অনুরাগীরা একসঙ্গে মিলিত হয়ে গল্প বলার শিল্পকে উদ্যাপন করেন। গত বছর কলকাতায় প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হলে বিপুল সাড়া পড়ে। হাজার হাজার দর্শকের উপস্থিতি প্রমাণ করে দেয় যে, কলকাতা শুধু পপ কালচার গ্রহণ করে না, বরং তাকে নিজের সংস্কৃতির অংশ করে নিয়েছে।
উদ্যোক্তাদের মতে, কলকাতার সঙ্গে পপ কালচারের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। সাহিত্য, শিল্প, নাটক ও সিনেমার দীর্ঘ ঐতিহ্যের পাশাপাশি এই শহরের মানুষ বরাবরই কল্পনাপ্রবণ গল্পের প্রতি আকৃষ্ট। উদ্যোক্তাদের একজনের কথায়, কলকাতা পপ কালচারে বাঁচে। ভালোবাসা, সাহিত্য ও শিল্প থেকে শুরু করে সিনেমা, কমিকস এবং ফ্যানডম গল্প বলা এই শহরের দৈনন্দিন জীবনের ছন্দেরই অংশ। এখানেই স্বাভাবিকভাবে পাশাপাশি দেখা যায় ‘বংপুল’-এর রেফারেন্স আর স্পাইডারম্যানের সাজে এক বাঙালি বর। কসপ্লে এখানে ব্যতিক্রম নয়, বরং শহরের বহমান সংস্কৃতির সঙ্গে একেবারে মানিয়ে যাওয়া একটি অভিব্যক্তি। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে ‘আবোল তাবোল’, ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’ ও ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মতো আইকনিক চরিত্রের গল্পে। আজ সেই একই কল্পনাশক্তি সমান আগ্রহে গ্রহণ করছে সুপারহিরো, অ্যানিমে, মাঙ্গা, গেমিং এবং বিশ্ব পপ কালচারের নানা রূপ।
এবছরের কলকাতা কমিক কনে দর্শকদের জন্য থাকছে আরও বড় পরিসরে অভিজ্ঞতা। দেশ-বিদেশের কমিক শিল্পীদের তৈরি গ্রাফিক নভেল ও কমিকস ঘেঁটে দেখার সুযোগ থাকছে। পাশাপাশি নতুন অ্যানিমে ও মাঙ্গা জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে বিশেষ স্টল ও প্রেজেন্টেশনের মাধ্যমে। কসপ্লে অনুরাগীদের জন্য থাকছে রঙিন কস্টিউম প্যারেড, পারফরম্যান্স ও ফটো-অপ সেশন, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের সৃষ্টিশীলতা ও প্রিয় চরিত্রের প্রতি ভালোবাসা তুলে ধরতে পারবেন। গেমিং প্রেমীদের জন্য থাকছে ইন্টার্যাকটিভ অ্যাক্টিভিটি, ডেমো জোন এবং ফ্যান এনগেজমেন্ট প্রোগ্রাম। এছাড়াও, দর্শকরা সংগ্রহ করতে পারবেন এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ়—টি-শার্ট, ফিগারিন, পোস্টার, কমিক কালেকশন ও লিমিটেড এডিশন স্মারক, যা শুধুমাত্র কমিক কনেই পাওয়া যাবে।
আয়োজকদের মতে, কলকাতা কমিক কন শুধু একটি ইভেন্ট নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন শিল্পীরা তাঁদের কাজ তুলে ধরার সুযোগ পান এবং অনুরাগীরা সরাসরি সৃষ্টিশীলদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এই উৎসব নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের অনুপ্রাণিত করে এবং একই সঙ্গে বিশ্ব পপ কালচারের সঙ্গে কলকাতার নিজস্ব সাংস্কৃতিক উত্তরাধিকারকে এক সুতোয় বেঁধে দেয়। দু’দিন ধরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার পরিণত হতে চলেছে কল্পনা, সৃজনশীলতা এবং ফ্যানডমের মিলনক্ষেত্রে। সব মিলিয়ে, কলকাতা কমিক কন আবারও প্রমাণ করতে চলেছে যে পপ কালচারের মানচিত্রে কলকাতার অবস্থান শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং অনন্য।
