আজকের দিনেগ্রীন রুম

ক্রিকেটে নতুন ইনিংস জন আব্রাহামের, সঙ্গী জন্টি রোডস — ইউরোপের লিগে দল কিনলেন বলি তারকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের মালিকানার পর এবার ক্রিকেটের বাইশ গজেও পা রাখলেন জন আব্রাহাম। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের দল রটারডাম ডকার্স-এর মালিকানা কিনলেন তিনি। সঙ্গী হিসেবে পাচ্ছেন জন্টি রোডস, ফ্যাফ দু’প্লেসিস, হেনরিখ ক্লাসেনদের মতো প্রোটিয়া তারকাদের।

ইউরোপে ক্রিকেটের প্রসার ও নতুন প্রতিভা তুলে আনতে শুরু হচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ETPL। চলতি বছরের ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডাম — এই ছয়টি শহরের দল নিয়ে মোট ৩২টি ম্যাচ হবে। গোটা লিগের অন্যতম মালিক জন আব্রাহামেরই সহ-অভিনেতা অভিষেক বচ্চন।

রটারডাম ডকার্স ফ্র্যাঞ্চাইজিতে জনের সঙ্গে মালিকানায় আছেন ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডস, প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ দু’প্লেসিস ও বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন। লিগের অন্য দলগুলিতেও মালিক হিসেবে রয়েছেন স্টিভ ওয়াহ, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেডেনের মতো কিংবদন্তিরা।

নতুন অভিযান নিয়ে উচ্ছ্বসিত জন আব্রাহাম বলেন, “ক্রিকেট মানুষকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করে। ইউরোপ ক্রিকেটের প্রসারের জন্য বিশাল সম্ভাবনাময় জায়গা। রটারডাম ডকার্স নিয়ে আমাদের বড় লক্ষ্য রয়েছে। এই সফরে অংশ নিতে পেরে আমি খুশি। আশা করব, নতুন প্রতিভা খুঁজে এনে তাঁদের বিকাশের সুযোগ তৈরি করতে পারব।”

জনকে স্বাগত জানিয়ে ETPL-এর সহ-প্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন বলেন, “খেলার প্রতি জনের গভীর আবেগ আছে। রটারডাম ডকার্স-এ ওর মালিকানা দারুণ সংযোজন। ইউরোপজুড়ে ক্রিকেটের বিপুল সম্ভাবনা। আমাদের দূরদর্শিতার সঙ্গে ওর পরিকল্পনা মিলে যাচ্ছে।” ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং পার্টনার মধুসূদন শ্রীও জনকে ‘রটারডাম ডকার্স’ পরিবারে স্বাগত জানিয়েছেন।

ফুটবলে নর্থইস্ট ইউনাইটেড নিয়ে দীর্ঘদিন ধরেই মাঠে আছেন জন আব্রাহাম। এবার ক্রিকেটেও বিনিয়োগ করে স্পোর্টস-এন্টারটেইনমেন্টে নিজের সাম্রাজ্য আরও বাড়ালেন ‘ধুম’ তারকা। জন্টি রোডসের মতো আইকনকে পাশে নিয়ে ইউরোপের মাটিতে ETPL-এর হাত ধরে ক্রিকেটের নতুন বাজার ধরাই এখন তাঁর টার্গেট। বলিউড থেকে বাইশ গজ— সব জায়গাতেই ফ্রন্টফুটে জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *