আজকের দিনেখেলা

রমজান মাসে হোলি খেলে কটাক্ষের শিকার ইরফান পাঠান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-   পবিত্র রমজান মাসের আবহে রঙের উৎসব হোলি পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান। সম্প্রীতির বার্তা দিতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে হোলি খেলার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন তিনি, যা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

​সোমবার দেশজুড়ে পালিত হয়েছে দোল বা হোলি। অন্যান্য তারকাদের মতো ইরফান পাঠানও তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে রঙ খেলার মুহূর্ত অনুরাগীদর সাথে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, ইরফানের মুখ আবিরে রাঙানো এবং তিনি বেশ হাসিখুশি মেজাজে উৎসব উদযাপন করছেন। ছবির ক্যাপশনে তিনি সবাইকে হোলির শুভেচ্ছা জানান। ভিডিওতে ইরফান পাঠানের  সঙ্গে যুবরাজ সিংকেও দেখা যায়। ‘সিক্সার কিং’-এর হাতে পিচকিরি। খানিকটা দূরে দাঁড়িয়ে ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের গায়ে রং দিতে দেখা যায় যুবিকে। পাঠানের গায়ে রং দিয়েছেন প্রাক্তন পেসার ধবল কুলকার্নিও। ছিলেন লেগস্পিনার রাহুল শর্মাও। এই মুহূর্তের ভিডিও তিনি পোস্ট করে লেখেন, ‘তোমাদের উজ্জ্বল ও রঙিন হোলি কাটুক। সবাইকে হোলির শুভেচ্ছা।’

​ইরফানের এই পোস্টটি ঘিরেই নেটদুনিয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। নেটিজেনদের একটি অংশের মতে, পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখছেন এবং ইবাদতে মগ্ন থাকেন, তখন এই ধরণের উৎসবে মেতে ওঠা অনুচিত। অনেকে ইরফানকে তাঁর ধর্মীয় পরিচয়ের কথা মনে করিয়ে দিয়ে কঠোর মন্তব্য করেছেন। তাদের দাবি, একজন মুসলিম হিসেবে রঙের উৎসবে এভাবে অংশগ্রহণ করা ইসলামের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

​তবে সবাই যে ইরফানের সমালোচনা করেছেন তা নয়। অনেকেই এই সাবেক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, ভারত একটি বৈচিত্র্যময় দেশ এবং এখানে সব ধর্মের মানুষের উৎসবে শামিল হওয়াটাই প্রকৃত ভারতীয় সংস্কৃতি। ইরফানের ভক্তরা বলছেন, তিনি বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন এবং এটিও তার ব্যতিক্রম নয়।

​উল্লেখ্য যে, এটিই প্রথম নয়; এর আগেও বিভিন্ন উৎসব পালন বা ব্যক্তিগত জীবনের ছবি পোস্ট করে কট্টরপন্থীদের নিশানায় পড়েছিলেন পাঠান এবং তাঁর পরিবার। তবে এই ধরণের ট্রোলিং নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না এই তারকা।
: সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক এখন তুঙ্গে। ইরফান পাঠান এই সমালোচনার জবাবে কোনো মন্তব্য করেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *