আজকের দিনেভারত

এবার হাইড্রোজেন চালিত ট্রেন ছুটবে ভারতে, সম্পূর্ণ ট্রায়াল রান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে দিল্লির মসনদে বসার পর থেকেই তৎপর কেন্দ্র সরকার। এবার খুব শীঘ্রই হাইড্রোজেন চালিত ট্রেন ছুটবে দেশে। পরিবেশবান্ধব রেল পরিষেবায় বড় পদক্ষেপ গ্রহণ করল মোদি সরকার। দেশের মধ্যে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। হরিয়ানা ঝিন্দ-সোনিপত রুটে এই ট্রেন চলবে। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ট্রায়াল রান। এর পরেই অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। ব্রডগেজ নেটওয়ার্কে এটিকে বিশ্বের সব থেকে দীর্ঘ এবং শক্তিশালী হাইড্রোজেনচালিত ট্রেন বলে দাবি করা হচ্ছে।এবার জার্মানি, জাপান, চিন এবং আমেরিকার মতো হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ভারতেরও নাম যুক্ত হচ্ছে।

 

এই ট্রেনে থাকবে ১০টি কোচ। ১,২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে ট্রেনটি চলবে। কমার্শিয়াল বা বাণিজ্যিক দিক থেকে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে ট্রেন চলবে। পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। এই ট্রেনে প্রচলিত ডিজেল ইঞ্জিনের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহৃত হবে। ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ট্রেন চালায়। এই প্রক্রিয়ায় ধোঁয়া বা কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না; উপজাত হিসেবে তৈরি হয় মূলত জলীয় বাষ্প। ফলে এটি পরিবেশবান্ধব এবং বায়ুদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই প্রকল্পের লক্ষ্য শুধু আধুনিক প্রযুক্তি প্রয়োগ নয়, বরং দেশের অ-বিদ্যুতায়িত রেলপথে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে ভারতীয় রেল আরও পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী এবং টেকসই পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। যদিও হাইড্রোজেন উৎপাদনের খরচ, জ্বালানি সরবরাহের অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও এটি দেশের সবুজ পরিবহন ব্যবস্থার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *