আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

High Court-Assembly : বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রতই, হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতার তৃণমূল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের স্বীকৃতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। বৃহস্পতিবার সেই মামলায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত বিরোধী দলনেতার পদে বহাল থাকছেন ঋতব্রতই।

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ৬৪ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রত নিজের অনুগামী বিধায়কদের নিয়ে পৃথক গোষ্ঠী তৈরি করেন। সেই গোষ্ঠীর সমর্থনেই তিনি বিরোধী দলনেতার পদ দাবি করেন।

তৃণমূলের অভিযোগ, স্পিকার রাজনৈতিক বাস্তবতা, বিধায়ক সংখ্যা ও প্রকৃত বিরোধী দল কোনটি তা বিচার না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শাসকদলের মতে, একজন বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাকে বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে স্পিকার বিধানসভার পুরনো ঐতিহ্য ভেঙেছেন। এতে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে বলে দাবি তৃণমূলের।

স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হয়। তৃণমূলের আইনজীবীরা অবিলম্বে স্পিকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চান। কিন্তু আদালত জানায়, এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়ার মতো পরিস্থিতি নেই। কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি না হওয়ায় ঋতব্রত আপাতত বিরোধী দলনেতার চেয়ারেই থাকছেন।

তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি। কলকাতা হাইকোর্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে ১৬ জুন। সেদিন উভয় পক্ষের আরও যুক্তি শোনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালত। আপাতত এই রায়ে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আর স্বস্তি পেলেন ঋতব্রত শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *