আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসুস্থ থাকুন

Health-Robotic Surgery-PG : রোবোটিক সার্জারিতে ‘হাফ সেঞ্চুরি’ ছুঁল পিজি হাসপাতাল, বিনামূল্যে জটিল অপারেশনে নতুন দিগন্ত ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রোবোটিক সার্জারিতে নজির গড়ল এসএসকেএম বা পিজি হাসপাতাল। সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এখনও পর্যন্ত মোট ৫৫টি রোবোটিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। গলব্লাডার, হার্নিয়া থেকে শুরু করে জটিল ক্যান্সার ও সিস্ট— নানা ধরনের অপারেশন হয়েছে কম সময়ে, কম রক্তপাতে ও নিরাপদভাবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেনারেল সার্জারি, গাইনি ও ইউরোলজি— এই তিন বিভাগের ছ’জন প্রশিক্ষিত চিকিৎসক রোবোটিক সার্জারির অনুমতি পেয়েছেন। তাঁদের হাতেই হয়েছে এই ৫৫টি অপারেশন। এর মধ্যে ৫৩টি পিজি হাসপাতালে এবং বাকি দু’টি পিজির বাজেট হাসপাতাল ‘অনন্য’-তে সম্পন্ন হয়েছে।

গত বছরের শেষার্ধে শুরু হয়েছিল রোবোটিক সার্জারির পথচলা। রোবোটিক সার্জারি টিমের অন্যতম সদস্য বিশিষ্ট সার্জন ডাঃ দীপ্তেন্দ্রকুমার সরকার জানান, “রোবোটিক পদ্ধতিতে অপারেশন অনেক বেশি নিখুঁত হয়েছে। সময় কম লেগেছে, রক্তপাতও উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। ক্যান্সার সার্জারি ছাড়া প্রায় সব ক্ষেত্রেই রোগীরা ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরতে পেরেছেন।”

চিকিৎসকদের দাবি, কয়েক কোটি টাকা দামের অত্যাধুনিক রোবট ব্যবহার করে যে অপারেশনগুলি পিজিতে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে (অনন্য বাদে), সেগুলি শহরের প্রথম সারির বেসরকারি হাসপাতালে করাতে খরচ পড়ত কমপক্ষে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোবোটিক পদ্ধতিতে সাধারণ ও হায়াটাল হার্নিয়া, গলব্লাডারের স্টোন, রেকটাল ও কোলন ক্যান্সার, রেকারেন্ট রেট্রোপেরিটোনিয়াল সারকোমা, রেকারেন্ট অ্যাবডোমিনাল সিস্ট, কিডনি ও ইউরেটারের সংযোগস্থলের ত্রুটি সংশোধন, প্রস্টেট ক্যান্সার, কিডনি অপসারণ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়ার মতো একাধিক জটিল অপারেশন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের অগস্টে প্রায় ৬.৫ কোটি টাকা দামের আধুনিক রোবটের যন্ত্রাংশ ধাপে ধাপে আসে পিজি হাসপাতালে। নতুন আউটডোর ভবনের পাঁচতলায় তৈরি হয় বিশেষ রোবোটিক সার্জারি অপারেশন থিয়েটার। রোবটের দাম, অপারেশন থিয়েটার, আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং পূর্ত দফতরের সিভিল ও ইলেকট্রিক্যাল কাজ মিলিয়ে গোটা প্রকল্পে খরচ হয়েছে ৮ কোটিরও বেশি টাকা।

২৩ সেপ্টেম্বর পিজিতে প্রথম রোবোটিক সার্জারি হয়। প্রথম দিন গলব্লাডারের অপারেশন এবং দ্বিতীয়টি ছিল সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়ার অপারেশন— টোটাল রোবোটিক হিস্টেরেকটমি। দু’টিই সফল হওয়ায় সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির সম্ভাবনা নিয়ে আশাবাদী চিকিৎসক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *