হ্যাক ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম!
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য চালু করেছিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা। সেই উদ্যোগের অংশ হিসেবেই খোলা হয়েছিল অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ। কিন্তু অভিযোগ, সেই অ্যাকাউন্টই হ্যাকের শিকার হয়েছে।
মঙ্গলবার অ্যাকাউন্ট পরিচালনাকারী সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা ওই অ্যাকাউন্ট ব্যবহার করে মোট ৪৭টি অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠিয়েছে এবং দুটি স্টোরিও আপলোড করেছে।
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে প্রথম দফায় রাত ২টা ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিট পর্যন্ত একাধিক মেসেজ পাঠানো হয়। পরে সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আরও মেসেজ পাঠানো হয়। সব মিলিয়ে ৪৭টি অননুমোদিত বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ।
শুধু সাধারণ ব্যবহারকারী নয়, হ্যাকাররা ‘এগিয়ে বাংলা’, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ-এর মতো অফিসিয়াল অ্যাকাউন্টেও বার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগকারী সংস্থা জানিয়েছে, নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনেই অ্যাকাউন্টটি পরিচালিত হয়। একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ এই তিনটি অনুমোদিত ডিভাইস থেকেই লগ-ইন করা যায়। হ্যাকের খবর প্রকাশ্যে আসতেই দ্রুত পাসওয়ার্ড বদল, ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ, স্ক্রিনশট ও টাইমস্ট্যাম্প সংগ্রহের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে দোষীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় গোটা ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে।
