Football : জেমি – দিমির গোলে চেন্নাই বধ মোহনবাগানের ……
কিউ ইন্ডিয়া বাংলা :- কেরালা ব্লাস্টার্স এফসির পর ঘরের মাঠে চেন্নাইয়ন এফসিকে হারালো মোহনবাগান। গত ম্যাচের মত আজকেও গোলের ব্যবধান ২-০ । গত ম্যাচের গোলদাতা অস্ট্রেলিয়া স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আজকেও গোল করলেন দলের হয়ে। আর অপর গোলটি করেন বাগান ভক্তদের নয়নমনি দিমিত্রি পেট্রাতোস। দীর্ঘদিন পর তিনি দলের হয়ে গোল করতে পারলেন ।
ম্যাচের শুরু থেকে আক্রমণ শুরু করে চেন্নাইয়ন এফসি । দুই পক্ষই আক্রমণ প্রতি আক্রমণ ভঙ্গিতে প্রথমার্ধে খেলতে থাকে । এবার ম্যাচ ঘটনার সঙ্গে সঙ্গে মোহনবাগানের আক্রমণের ঝাঁজ বৃদ্ধি পায় । লোবেরার শিষ্যরা পাসিং ফুটবলে জোর দেন । ম্যাচের ২৮ মিনিটে খেলায় কিছুটা ছন্দপতন হয়। মোহনবাগানের মেহতাব সিং ও চেন্নাইয়ের গোলরক্ষক নাওয়াজ একে অপরের সঙ্গে সংঘর্ষে দুজনেই মাটিতে পড়ে যান। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা । গোলরক্ষক পরিবর্তন করে নেন চেন্নাইয়ন এফসির কোচ ক্লিফোর্ড মিরান্ডা। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোলমুখ খুলতে পারেননি মোহনবাগান ফুটবলাররা । কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের হয়ে প্রথম গোলটি করেন জেমি ম্যাকলারেন । দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট বজায় রাখে মোহনবাগান ফুটবলাররা। ম্যাচের ৬৫ মিনিটে আসে দ্বিতীয় গোল। শুভাশিস বোসের ক্রস থেকে শর্ট মেরে গোল করেন দিমিত্রি পেট্রাতোস । গোল করার পর গ্যালারির কাছে গিয়ে তার সেই আইকনিক স্টেইনগান সেলিব্রেশন করতে দেখা যায়। মোলিনার জমানায় তিনি রীতিমত ব্রাত্য হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু সার্জিও লোবেরার জমানায় প্রথম থেকে সুযোগ পেয়ে পুরানো ফর্মে ফিরলেন তিনি। বাগান কোচ লোবেরা ম্যাচের আগে বড় ব্যবধানে জয়ের কথা বলেছিলেন অবশ্য সেই লক্ষ্য পুরোপুরি পূরণ হলো না ।
আজকের ম্যাচে জয় পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকলো সবুজ মেরুন শিবির । লিগ টেবিলের শীর্ষে আছে ইস্টবেঙ্গল । কলকাতার দুই প্রধানের পয়েন্ট সংখ্যা একই হলেও গোল করার নিরিখে লাল হলুদ শিবির সবার উপরে আছে ।
