ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি
কিউ ইন্ডিয়া বাংলা, কাশ্মীরঃ- ফের অশান্তির পরিবেশ দেখা গেল জম্মু-কাশ্মীরে। গতকাল বুধবার ১১ই মার্চ রাতে হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী । জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় তাদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। অল্পের জন্য রক্ষা পান ন্যাশনাল কনফারেন্স দলের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ । কিন্তু গুলি লাগে সুরিন্দর চৌধুরীর। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয় । গ্রেফতার করা হয়েছে, ওই আততায়ীকে । তবে কি কারনে এই গুলি চালানোর ঘটনা এখনো জানা যায়নি তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।
সূত্রের খবর গতকাল বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জম্মু-কাশ্মীর এর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ । তার সঙ্গে ছিলেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং ওমর আবদুল্লাহর পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি । রাত সাড়ে দশটা নাগাদ বিয়ে বাড়িতে ঢুকে আচমকা এক যুবক গুলি চালান বলে অভিযোগ উঠে আসছে । অল্পের জন্য গুলি থেকে রক্ষা পান ফারুক আবদুল্লাহ। গুলি চালানো আততায়ীকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায় তার নাম কমল সিং জম্ময়াল । পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় থাকার কারণে নেশার ঘোরে সে গুলি চালিয়েছে । তবে এর পিছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
গোটা ঘটনায় জম্মু-কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নিরাপত্তার গাফিলতিকেই দায়ী করেছেন । প্রাথমিক চিকিৎসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বিয়ে বাড়িতে সবাই একসঙ্গে ছিলেন। এর মাঝখানে কিভাবে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো ? ভাববার বিষয় । নিরাপত্তার গাফিলতির জন্য তিনি পুলিশের দিকে আঙুল তুলেছেন ।
