আজকের দিনেখেলা

গত ম্যাচের হার ভুলে গোয়ার বিরুদ্ধে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি ইন্ডিয়ান সুপার লিগে পরপর দুটি ম্যাচে জিতে ভালোই শুরু করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয় লাল হলুদ শিবিরকে। তবে সে হার এখন অতীত। ঘুরে দাঁড়ানোর লড়াই এর লক্ষ্যে এফসি গোয়ার বিরুদ্ধে আজ হোম ম্যাচে নামছে অস্কার ব্রুজোর ছেলেরা।

এই নিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল । ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেছেন, “আগের ম্যাচে হতাশাজনক ভাবে হারতে হয়েছে। ঘরের মাঠে খেলতে গেলে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। গোয়া অনেক সুসংহত, প্রতিযোগিতামূলক দল। ম্যাচ সম্পর্কে ওদের ধারণা খুবই ভাল। দলে ভাল খেলোয়াড় রয়েছে, বিভিন্ন পজিশনে শক্তিশালী। পাশাপাশি এমন একজন কোচ (মানোলো মার্কেজ়) রয়েছেন যাঁকে আমি সমীহ করি। তাই যতটা সম্ভব কম ভুল করতে হবে। আমাদের তিন পয়েন্ট পেতে হলে প্রথম মিনিট থেকে সেরা ফুটবল খেলতে হবে। বিপক্ষকে আমরা সম্মান করি। একই সঙ্গে নিজেদের প্রস্তুতি এবং খেলোয়াড়দের উপরেও বিশ্বাস রাখি।”প্রথম দুই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ইউসেফ এজেজারি জোড়া গোল করলেও জামশেদপুরের বিরুদ্ধে তিনি গোলের দেখা পাননি। তবে সেটা নিয়ে লাল হলুদ শিবির অত চিন্তিত নয়। একটা দিন খারাপ যেতেই পারে। এছাড়া ইস্টবেঙ্গল দলে নতুন যোগ দেওয়া অ্যান্টন সেজবার্গ গত ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি । এবার তার ফর্মে ফেরার অপেক্ষা করছে দল।মরশুম তিন মাস দেরিতে শুরু হলেও ইস্টবেঙ্গলে চোটের থাবা। মহম্মদ রাকিপ, সল ক্রেস্পো, নওরেম মহেশ সিং, কেভিন সিবিলে চোট পেয়েছেন। এদের মধ্যে রাকিপ খেলতে নামলেও সল ও মহেশ এখনও নামেননি। পুরো দল না পাওয়াটাও অস্কারের কাছে একটা ধাক্কার। তবে তিনি জানালেন মহেশ, রাকিপ, সলকে গোয়ার বিরুদ্ধে দলে রাখা হবে। লাল হলুদ কোচের মুখে আরো একটি অভিযোগ শোনা গেল। তিনি বলেন ” এখন রমজান মাস চলছে , দলের পাঁচ মুসলিম ফুটবলার রোজা রাখেন । প্রায় ১২ ঘণ্টা রোজা রেখে ম্যাচ খেলতে নামা চাপের বিষয়। আমরা ফেডারেশন এর কাছে এই বিষয়ে জানিয়েছি ” ।অস্কার ব্রুজো বলেন, “প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সন্ধে ৭টায় খেলতে নেমেছিলাম। কিন্তু রমজান মাস শুরু হতেই আমাদের প্রত্যেকটা ম্যাচ বিকেল ৫টায় দেওয়া হয়েছে। যা বেশ অস্বস্তিকর। গোয়ার বিরুদ্ধে আমাদেরকে এই একই সময়ে ম্যাচ খেলতে হবে । পরবর্তী ম্যাচেও সময় সূচী পরিবর্তন হবে কি না সেটাও অজানা আমাদের ” ।

গোয়া তিনটি ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তাদের হয়ে দেজান দ্রাজ়িচ ভাল খেলছেন। এছাড়া সন্দেশ ঝিঙ্গান , উদান্তা সিংয়ের মতো নামী ভারতীয় ফুটবলাররা আছেন । এবার দেখার অপেক্ষায় লাল হলুদ শিবির জয়ের সারণিতে ফিরতে পারে কি না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *