মনের জানালাআজকের দিনে

মহিলা কামরাতেই সাধ, লোকাল ট্রেনে ভালবাসার উচ্ছ্বাস ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রতিদিনের মতোই ভোর কিংবা সন্ধ্যার ব্যস্ত সময়ে ছুটে চলা লোকাল ট্রেন। ঠাসাঠাসি ভিড়, ক্লান্ত মুখ, তবু তার মাঝেই একটু হাসি, একটু গল্প, একটু খোঁজখবর এভাবেই অচেনা মানুষগুলো কখন যে আপন হয়ে ওঠেন, তা টেরই পাওয়া যায় না। ঠিক এমনই এক সম্পর্কের গল্প সামনে এল মুম্বইয়ের লোকাল ট্রেনের মহিলা কামরা থেকে।

নিত্যদিনের যাতায়াত করতে করতে সহযাত্রীদের সঙ্গে আত্মীয়তার মতো সম্পর্ক গড়ে উঠেছিল এক তরুণীর। গল্প করতে করতে, সিট ভাগাভাগি করে বসতে বসতে, কারও অসুস্থতার খোঁজ নিতে নিতে কিংবা কারও সুখবর শুনে হাততালি দিতে দিতে সেই কামরাই হয়ে উঠেছিল ছোট্ট এক পরিবার। আর সেই পরিবারের এক সদস্য যখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন, তখন তাঁকে বিশেষভাবে আশীর্বাদ জানাতে এগিয়ে এলেন অন্যরাই।

মাস কয়েকের মধ্যেই তাঁর সংসার আলো করে আসতে চলেছে নতুন অতিথি। অন্তঃসত্ত্বা ওই তরুণীর জন্য সহযাত্রীরা আয়োজন করলেন সাধের অনুষ্ঠান তাও আবার চলন্ত লোকাল ট্রেনের মহিলা কামরাতেই। গোলাপি বেলুন ও ব্যানার দিয়ে সাজানো হয়েছিল পুরো কামরা। শাড়ি পরে, সুন্দর করে সেজে, মুখে লাজুক হাসি নিয়ে বসে ছিলেন হবু মা। চারপাশে তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন নিত্যযাত্রীরা।

কেউ তাঁর কপালে টিপ পরিয়ে দিচ্ছেন, কেউ আশীর্বাদ করছেন, কেউ বা মিষ্টি তুলে দিচ্ছেন হাতে। হাসি, উচ্ছ্বাস আর আবেগে ভরে ওঠে গোটা কামরা। ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনের মাঝেও এমন আন্তরিক মুহূর্ত যেন মনে করিয়ে দেয় সম্পর্ক শুধু রক্তের বন্ধনে গড়ে ওঠে না, হৃদয়ের টানেও তৈরি হয় আপনজন।

‘দিব্যাকদম১০’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভালবাসার বন্যা বইতে শুরু করেছে। বহু নেটাগরিক এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। এক জন লিখেছেন, “এই ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোই অসাধারণ হয়ে ওঠে। স্মৃতির খাতায় আজীবন থেকে যায়।”

লোকাল ট্রেনের কয়েক মিনিটের সফর যে এভাবে কারও জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে, এই ঘটনাই যেন তার জীবন্ত প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *