Cut Money-Awas Yojana : আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে !
কিউ ইন্ডিয়া বাংলা :- আবাস যোজনা (বাংলার বাড়ি) প্রকল্পে টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুয়া-১ গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকার বাসিন্দা পেশার দিনমজুর ইলিয়াস খানের ব্যাংক একাউন্টে সম্প্রতি ফ্লাওয়ার বাড়ি প্রকল্পের ৬০০০০ টাকা ঢুকেছিল। সেই টাকা থেকেই ৮ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে । ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দিনমজুর ইলিয়াস খান ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের ডুয়া-১ গ্রাম পঞ্চায়েতে ইসলামপুর এলাকার বাসিন্দা ইলিয়াস খানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের একটি কিস্তির টাকা ৬০ হাজার ঢুকেছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রেহেনা বিবির স্বামী তথা ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস যুব সংগঠনের সহ-সভাপতি শেখ সাইরুল আলি ভয় দেখিয়ে ৮ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ উঠে আসছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে নাকি বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত উপভোক্তাকে এই টাকা দিতে হয়েছে । মাঝে সাঝেই বাড়িতে এসে সে হুমকি দিত বলে অভিযোগ ইলিয়াস খানের ।
এই ঘটনায় অভিযোগে তীর যার দিকে সেই সাইরুল আলি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । তিনি বলেন “আমি তৃণমূল কংগ্রেসের যুবর দায়িত্ব পাওয়ায় অনেকেরই গা জ্বলছে, এই আক্রোশ থেকেই আমার বিরুদ্ধে এই চক্রান্ত সাজানো হয়েছে” ।
এই ঘটনায় ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ি ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস বলেন এ আর নতুন কী ? তৃণমূল নেতা মানে কাটমানি । ওই ব্যক্তি সাহস করে অভিযোগ করেছেন বলে ঘটনাটি নিয়ে শোরগোল হচ্ছে । কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে তৃণমূল ।
বিজেপি জেলা সভাপতি পাল্টা হিসেবে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন ” উনি বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন, প্রশাসনিকভাবে তদন্ত তো হবেই এছাড়া আমরা দলীয়ভাবে বিষয়টি নিয়ে তদন্ত করব” ।
