দেশে ফেরার জন্য রোনাল্ডোর সাহায্য চাইলেন ক্যারিবীয় ক্রিকেটার!
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্টার ন্যাশানাল ডেস্ক :- গত ১ লা মার্চ বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল ভারতের। সেই ম্যাচে জয়লাভ করে ভারত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে এবং পরে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে। ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ । কিন্তু এখনো তারা কলকাতা ছেড়ে দেশে ফিরতে পারেনি । গোটা ক্যারিবীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত কলকাতায় আটকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটেছে । এই পরিস্থিতিতে রোনাল্ডোর কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন আকিল হোসেন !
সূত্রের খবর ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা দলও কলকাতাতে আটকে রয়েছে । আইসিসির পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য চার্টার্ড বিমান আয়োজন করা হলেও তা এখনও কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার অনুমতি পায়নি। কবে পাওয়া যাবে সেই অনুমতি তা-ও স্পষ্ট নয়। ফলে কলকাতাতেই অপেক্ষা করতে হচ্ছে গোটা দলকে। দেশে ফিরতে না পেরে মন খারাপ ক্যারিবীয় ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেন দেশে ফেরার জন্য রোনাল্ডোর সাহায্য চেয়ে বসলেন। নিজের এক্স হ্যান্ডেলে আকিল হোসেন টুইট করে লিখেছেন, “এই মুহূর্তে আমি একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই অনুরোধ করতে পারি আমাদের উদ্ধার করার জন্য।” তার কথাতেই স্পষ্ট দেশে ফিরতে না পেরে তিনি অনেকটা হতাশ এবং তার থেকেই সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট।
দক্ষিণ আফ্রিকার ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে । সেকারণে দলে থাকা ক্রিকেটাররা দেশে না ফিরে সরাসরি নিউজিল্যান্ডে জেতে পারেন।
এমনিতেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ৭ ফেব্রুয়ারির আগে থেকে দেশের বাইরে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। তাদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার আইপিএল খেলতে আবার ভারতে আসবেন । তাদের ছুটিও নষ্ট হচ্ছে।
