ফুলবাড়িতে বাস দুর্ঘটনা: শিশু-সহ ৯ জন আহত, তদন্ত শুরু পুলিশের
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালেই ঘটে গেল একটি সড়ক দুর্ঘটনা। ফুলবাড়ি বটতলা ট্রাফিক পয়েন্টে একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী সরকারি বাসটি জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় ফুলবাড়ি ট্রাফিক পয়েন্টে একটি মালবাহী গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুই শিশু, দুই মহিলা এবং পাঁচজন পুরুষ ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ।ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশও পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
