ডাস্টবিনে মিলল গুচ্ছ ভোটার কার্ড
কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গ বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর প্রক্রিয়া। এই আবহেই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শহরে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, তাও আবার আবর্জনার স্তূপ থেকে। চিনকুটি মোড় সংলগ্ন একটি ডাস্টবিনের পাশ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কয়েকজন বাসিন্দা প্রথম আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড ছড়িয়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। এসআইআর চলাকালীন এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এতগুলি ভোটার কার্ড সেখানে এল কীভাবে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার মধ্যে নতুন মোড় আনেন এক যুবক। তাঁর দাবি, বাড়িতে ফেরার সময় ভাই ফোন করে জানান যে তাঁর নামের ভোটার কার্ড নাকি আবর্জনার স্তূপে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, সত্যিই তাঁর নাম-ঠিকানা সম্বলিত একটি ভোটার কার্ড সেখানে রয়েছে। অথচ তাঁর কথায়, আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং তিনি কাউকে সেটি ব্যবহার করতে দেননি। এই দাবি সামনে আসতেই জোরালো হয়েছে জাল বা ভুয়ো ভোটার কার্ডের আশঙ্কা।
এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এসআইআরের কাজ যখন চলছে, তখন ডাস্টবিনে এভাবে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি প্রশাসনের গভীরভাবে খতিয়ে দেখা উচিত বলেও মত তাঁর।
উল্লেখ্য, এসআইআর চলাকালীন এর আগেও সল্টলেকের রাস্তা কিংবা কল্যাণী হাইওয়ের ধারের ঝোপঝাড় থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। ফলে একের পর এক এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ভোটার তালিকার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উদ্ধার হওয়া কার্ডগুলি আসল না ভুয়ো, সেগুলি কীভাবে সেখানে এল এবং এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা সব দিকই খতিয়ে দেখছে পুলিশ ও স্হানীয় প্রশাসণ।
