আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

রাজ্যজুড়ে পোস্ট ও পাসপোর্ট অফিসে বোমা-হুমকি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আদালতের পর এবার রাজ্যজুড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে বোমাতঙ্ক ছড়াল। কলকাতা-সহ বিভিন্ন জেলার পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, অফিস চত্বরে আরডিএক্স ও সায়ানাইড রাখা রয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে।

হুমকি ইমেল পাওয়ার পরই সংশ্লিষ্ট অফিসগুলি খালি করে দেওয়া হয়। কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত বাইরে সরিয়ে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বোম্ব স্কোয়াডকে। শুরু হয়েছে তল্লাশি।

উত্তরের বালুরঘাট থেকে পশ্চিমের কাঁথি, কলকাতা থেকে কাটোয়া, নদিয়া, হাওড়া, আসানসোল ও কোচবিহার—রাজ্যের একাধিক জায়গায় একই ধরনের ইমেল পৌঁছেছে বলে জানা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন জেলায়।

এর আগে রাজ্যের একাধিক আদালতেও একইভাবে আরডিএক্স রাখার হুমকি ইমেল এসেছিল। সে সময় তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। ওই ঘটনার পর কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-র নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। নিরাপত্তা জোরদার করার আশ্বাসও দেওয়া হয়েছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একাধিক সরকারি দফতরে বোমা-হুমকি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতিটি জায়গায় সতর্কতামূলক তল্লাশি চলছে এবং ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *