ভারত

ফের দেশের মাটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আবারো দেশে ঘটে গেল ভয়ংকর বিমান দুর্ঘটনা। টেকঅফের কিছুটা সময় পরেই দুর্ঘটনার কবলে দিল্লিগামী যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স। ওই বিমানে মোট ৭ জন আরোহী ছিল বলে জানা গিয়েছে সূত্র মারফত। রাঁচি এয়ারপোর্ট থেকে টেকঅফ করার পর কিছুটা দূরে চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় এয়ার অ্যাম্বুলেন্সটি ভেঙে পড়ে।

সূত্রের খবর, গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টা ১০ নাগাদ রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। রেড বার্ড সংস্থার বিচক্রাফ্ট সি৯০ ছোট বিমান ছিল এটি। বিমানে সাতজন যাত্রী ছিলেন, জানিয়েছে রাঁচি বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাঁচি থেকে দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ওই এয়ার অ্যাম্বুলেন্সের। কিন্তু টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ওই উড়ানের সঙ্গে এটিসি-র সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে জানা গিয়েছিল, সেটি পালামৌ ও লাতেহারের মাঝে হারিয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে, চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় উদ্ধার হয় তার ধ্বংসাবশেষ।

সূত্রের খবর , বিমানে ছিলেন দুজন পাইলট, এক জন রোগী, দুজন সহযাত্রী, এক জন চিকিৎসক এবং একজন প্যারামেডিক কর্মী। ৪১ বছরের এক ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া
হচ্ছিল। দুর্ঘটনায় তাঁর শরীরের ৬৩ শতাংশ অংশে দগ্ধ হওয়ার আঘাত ছিল। তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। দিল্লি যাওয়ার আগেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা । এয়ার অ্যাম্বুলেন্স এর সকল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের তল্লাশি ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে । তদন্ত সম্পন্ন হলে পরবর্তী কালে তা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *