West Bengal Budget 2026: সরকারি হাসপাতালে রোগীদের তিন বেলার খাবারের বরাদ্দ বেড়ে দ্বিগুণ, বাজেটে স্বাস্থ্যখাতে উত্তরবঙ্গে বাড়তি নজর
কিউ ইন্ডিয়া বাংলা- সোমবার ২২ জুন রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ হল। আজ বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের তিন বেলার খাবারের বরাদ্দ
সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের Full Rice Diet-এর ক্ষেত্রে বাড়ল বরাদ্দ। এত দিন রোগীদের জনপ্রতি ৫৬.৬৪ টাকা থেকে বরাদ্দ ছিল, এ বার থেকে তা বাড়িয়ে ১১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পরে বিশেষ গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। খাবারের বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘হাসপাতালে ৫৬ টাকায় তিন বেলা খাবার দেওয়া হত। পিজিতে ভিজিটে গিয়েছিলাম। ডাক্তারই বলল, দুপুরেও কুমড়ো, সন্ধেবেলায়ও কুমড়ো। আমি জানতে চাইলাম, কত টাকা হলে রোগীরা ঠিক মতো খাবার পাবেন? বললেন, ১০৪ টাকায় মোটামুটি তিন বেলা হবে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করলাম ওটা ১১০ করে দিন। রোগীরা একটু ভালো খাবার পাক।’
আয়ুষ্মান ভারত প্রকল্পও বাংলার সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। এবার বাজেটেও একের পরে এক চমক। উত্তরবঙ্গে বাড়তি নজর দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যপরিষেবা নিয়ে বার বার সরব হয়েছে নর্থ বেঙ্গল। এবার তাদের সেই আশা পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। এ ছাড়াও সরকার ১৩টি রাজ্য সরকারি মেডিক্যাল কলেজে প্রায় ৬৫০টি এমবিবিএস আসন এবং ৪৫০টিরও বেশি PG আসন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন, পুরুলিয়া, দার্জিলিং, সুপার স্পেশালিটি হাসপাতাল সহ উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যানসার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেবে। অপরদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নীত করা হবে।
