বাংলার আয়না

Alcohol : দাম বাড়তেই ডিসেম্বরে মদের বিক্রি কমল ২০ শতাংশ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে সমস্ত ধরনের মদের দাম বাড়ানোর পরেই বড় ধাক্কা খেল বিক্রি। আবগারি দপ্তরের তথ্য বলছে, ডিসেম্বর মাসে সারা বাংলায় মদের বিক্রি প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময়ের মধ্যেই ছিল বড়দিন ও ৩১ ডিসেম্বরের মতো উৎসবের দিন।

গত নভেম্বর মাসে রাজ্য আবগারি দপ্তর মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হবে। পাশাপাশি ১৮০ মিলিলিটারের বোতলে ১০ টাকা দাম বাড়ানো হয়। দেশি এবং লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য মদের ক্ষেত্রেও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। তবে বিয়ারের দাম এই তালিকা থেকে বাদ রাখা হয়।

১ ডিসেম্বর থেকেই রাজ্যে এই বর্ধিত দাম কার্যকর হয়। ফলে ডিসেম্বর মাস থেকেই ক্রেতাদের বেশি দামে মদ কিনতে হয়েছে। এরপরই আবগারি দপ্তর গত মাসের বিক্রির হিসাব খতিয়ে দেখে। সেই হিসাবেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মদের বিক্রি ২০ শতাংশের বেশি কমেছে। আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ৪৮ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৩১ বোতল দেশি মদ বিক্রি হয়েছে, যা নভেম্বর মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।

কর্তৃপক্ষের মতে, সাধারণত ডিসেম্বর মাসে উৎসবের কারণে রাজ্যে মদের বিক্রি রেকর্ড পরিমাণে হয়। কিন্তু এবার তার উল্টো ছবি দেখা গিয়েছে। কেন এমন হল, তা খতিয়ে দেখছে আবগারি দপ্তর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দাম বৃদ্ধিই এই বিক্রি কমার অন্যতম কারণ।

তবে আবগারি দপ্তরের আধিকারিকদের দাবি, মদ বিক্রি কমলেও রাজস্ব আদায়ে বড় কোনও প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *